৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে আবারও জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। রেকর্ড ৩৫তম শিরোপা জয়ের পাশাপাশি শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই ট্রফি ঘরে তুলল বাভারিয়ানরা। এবারও তারা চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে।

রোববার (১৯ এপ্রিল) আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য সুখকর ছিল না। ২১ মিনিটে এগিয়ে যায় ভিএফবি স্টুটগার্ট। তবে খুব দ্রুত ঘুরে দাঁড়ায় বায়ার্ন। মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা।

৩১তম মিনিটে গুরেইরো সমতা ফেরান। এরপর নিকোলাস ও আলফোনসো গোল করে ব্যবধান বাড়ান। ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন হ্যারি কেইন, যা কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

শেষ দিকে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও আর ম্যাচে ফেরা হয়নি তাদের। কয়েকটি আক্রমণ করেও বায়ার্নের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

চলতি মৌসুমে বায়ার্নের আধিপত্য ছিল একচ্ছত্র। এখন পর্যন্ত লিগে তারা হেরেছে মাত্র এক ম্যাচে, ড্র করেছে চারটি। ইতোমধ্যে ১০৯ গোল করে নতুন রেকর্ডও গড়েছে দলটি।

এখন বায়ার্নের সামনে আরও বড় চ্যালেঞ্জ। আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে বায়ার লেভারকুসেনের। আর ইউরোপের মঞ্চে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলবে ২৮ এপ্রিল।