২৪ঘণ্টায় বিশেষ অভিযানে টেকনাফে আটক ২২

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ৩টি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি, একটি সিআর মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত ১ আসামি, ১৩টি জিআর ও ৪টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এই সব অভিযানে গত ৪ দিনে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬০ জন বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা।