মাটি কাটার বিরোধে রাউজান রণক্ষেত্র, ভেকু ও ট্রাকে আগুন

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোলাগুলির অভিযোগের পাশাপাশি একটি এক্সকাভেটর (ভেকু) ও দুটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাত থেকে শুক্রবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত মধ্যম কদলপুর শমসেরপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সেলিম, রুস্তম, সালাউদ্দিন ও সাইমনসহ একটি গ্রুপ ওই এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিল। এ কাজে বাধা দেয় জানে আলম ওরফে ‘ডাকাত আলম’-এর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ।

অভিযোগ রয়েছে, এর আগের দিন রাতে প্রতিপক্ষ গ্রুপ তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন গভীর রাতে হামলা চালানো হয়।

সংঘর্ষের সময় গুলিতে এক্সকাভেটর চালক ফরহাদ আলম (২৩) আহত হন। এছাড়া আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ফরহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাটিকাটার সঙ্গে জড়িত সেলিম অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় জানে আলমের লোকজন অতর্কিত হামলা চালায়, গুলি ছোড়ে এবং ভেকু ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়, এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জানে আলম বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং অন্য একটি সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার জন্য দায়ী।

এ বিষয়ে সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। তবে গোলাগুলির বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে।