ফটিকছড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক, প্রবীণ রাজনীতিবীদ বদিউল আলম তালুকদার (৭৬) সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) মরহুমের নিজ এলাকা কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ কাঞ্চননগর রুস্তুমিয়া মুনিরিয়া সুলতানিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে বদিউল আলম তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় সরোয়ার আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে বদিউল আলম তালুকদার আমার সঙ্গে সামনের কাতারে ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হারালাম।
এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপির সেক্রেটারি জহির আজম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।












