পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র্যাব ডিজি বলেন, ‘নববর্ষ উদযাপন উপলক্ষে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ ও রমনা বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। এ জন্য পরীক্ষণ চেক পোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ‘র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কয়াড কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারা দেশে নববর্ষ চলাকালীন সার্বিক নিরাপত্তায় কন্ট্রোলরুম, চেক পোস্ট ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।’
র্যাব ডিজি বলেন, ‘ইভ টিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে নববর্ষ।’












