শফিউল আলম, রাউজান: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি অটোরিকসা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১২ এপ্রিল)দিবাগত ১১ টার সময়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়রেকর রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এই দুর্ঘটনা সংগঠিত হয়।নিহত সিএনজিচালকের নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার মীরধার পাড়া এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নজুমিয়া হাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাত্রীসহ নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় পৌঁছালে কাপ্তাই থেকে আসা দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুলের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।












