প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী। ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী, ইউটিএস কলেজ বাংলাদেশের কান্ট্রি হেড অ্যান্ড অ্যাম্বাসেডর জনাব নকিব খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথম সেমিস্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনারা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবার ও বিভিন্ন ঐতিহ্য থেকে একটা ছাতার নিচে অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছেন। আপনারা একদম নতুন। নতুনদের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকে না। সেজন্য সময়ের সাথে খুবই সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করছি, ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দিচ্ছি। আপনারা যদি পড়াশুনায় মনোযোগী না হন, তাহলে ব্যর্থতার গ্লানি আপনাদের পেয়ে বসতে পারে। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামের অনুকূলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্তিকে গৌরবময় অর্জন উল্লেখ করে বলেন, এই প্রোগ্রামগুলোর মধ্যে বিবিএ প্রোগ্রামও রয়েছে। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্জিত বিভিন্ন সাফল্য, সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।

সম্মানিত অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামে কিছু ব্যতিক্রমী সুযোগ-সুবিধা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা শিক্ষার্থীদের জন্য খুবই আন্তরিক ও দিকনির্দেশক। তাঁরা ভালোভাবে পাঠদান করে থাকেন। এ কারণে দেখা যায়, দেশ-বিদেশের বিভিন্ন পেশাগত ক্ষেত্রে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল অবস্থানে আছে। সুতরাং আমি মনে করি, আজকের নবীন শিক্ষার্থীরা বিবিএ প্রোগ্রামে ভর্তি হয়ে উত্তম কাজ করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট মেনে চলার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি নবীন শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন।

ওরিয়েন্টেশন স্পিকার জনাব নকিব খান কীভাবে তাঁর সংগীতজীবন ও কর্পোরেট জগতে তাঁর পেশাগত জীবনে সাফল্য অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি বলেন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য তিনটি বিষয় দরকার: কাজের প্রতি গভীর আগ্রহ ও আবেগ, নিয়মানুবর্তিতা এবং টাইম ম্যানেজমেন্ট। এছাড়াও তিনি আরও কয়েকটি বিষয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন: উচ্চশিক্ষিত হওয়া বা গভীরভাবে আধুনিক ও বৈশ্বিক জ্ঞান অর্জন করা, কালচার্ড হওয়া ও নৈতিকতাবোধ থাকা।

সভাপতির বক্তব্যে প্রফেসর এম. মঈনুল হক বলেন, পেশাগত জীবনে উপযুক্ত হওয়ার জন্য আজকের বক্তাদের বক্তব্য নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, ভালোভাবে পড়াশোনা ও বিভিন্ন স্কিল অর্জন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের সহযোগী অধ্যাপক জুলিয়া পারভিন, সহকারী অধ্যাপক তাসনিয়া তাহলিল, পপি পোদ্দার, রিফাত হাবিবা, অনিন্দিতা চক্রবর্তী, নুসরাত জাহান, প্রভাষক ফাহমিদা সাইমা ও আদনিন রিফাত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পটভূমি, ইতিহাস, নিয়ম-কানুন, মিশন-ভিশন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাকার্যক্রম, ইথিক্যাল ইস্যু ও রুলস এন্ড রেগুলেশন প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।

প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রহিমা বেগম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।