খাগড়াছড়িতে ‘বৈসাবি’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের প্রাণের উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রঙিন ঐতিহ্যবাহী পোশাক, বৈচিত্র্যময় অলংকার এবং নিজস্ব বাদ্যযন্ত্রের তালে তালে এক অপূর্ব সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ, তরুণ-তরুণী। এসময় রঙিন ঐতিহ্যবাহী পোশাক, বৈচিত্র্যময় অলঙ্কার এবং নিজস্ব বাদ্যযন্ত্রের তালে তালে এক অপূর্ব সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

শোভাযাত্রার বিভিন্ন অংশে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে।

ছিল নৃত্য-গীতের পরিবেশনা, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং মারমা সম্প্রদায়ের বহুল পরিচিত পানি খেলার মনোমুগ্ধকর প্রদর্শনী, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগায়।
উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো খাগড়াছড়ি শহরজুড়ে বিরাজ করছে আনন্দের আবহ। পাহাড়ি জনপদের সংস্কৃতি, সম্প্রীতি ও সহাবস্থানের এই উৎসব প্রতিবছরের মতো এবারও মিলনমেলায় পরিণত হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাহাড়ের বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’, যা চলবে নানা আয়োজন ও ঐতিহ্যবাহী কর্মসূচির মধ্য দিয়ে।