১৩ দিনের ঈদের ছুটি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন

১৩ দিনের বিরতি শেষে রবিবার (২৯ মার্চ) বেলা ৩টায় পুনরায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।

গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতরসহ বিভিন্ন সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মূলতবি করা হয়েছিল। বিরতি শেষে আজ থেকে আবার শুরু হচ্ছে সংসদীয় কার্যক্রম, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রবিবারের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ংসদ
অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কমিটি ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এসব সিদ্ধান্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে, যা পরে আইন প্রণয়নের নিয়মিত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে।

অধিবেশনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব, গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনেই অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সে সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

পর্যালোচনাধীন অধ্যাদেশগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে কমিটি একাধিক বৈঠক করেছে এবং আজকের বৈঠককে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।