ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) বিক্রি করা হচ্ছে ১৯ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, যেসব যাত্রী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করতে চান, তাদের আজকের মধ্যেই টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ উপলক্ষে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজেই ঘরে বসে টিকিট কিনতে পারেন।

টিকিট বিক্রির সময়সূচিতে কিছু পরিবর্তন রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।

এর আগে গত ৩ মার্চ থেকে শুরু হয় ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিন ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়। এরপর ধারাবাহিকভাবে ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চের যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী বিক্রি সম্পন্ন হয়েছে।

এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্যও আগাম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে রেলওয়ে। সেই অনুযায়ী, ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে টিকিট বিক্রি করায় এবার ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।