চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব-৪ এবং স্টারলিংক নেটওয়ার্ক সার্ভিস উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কম্পিউটার ল্যাব-৪ এবং হাইস্পিড স্টারলিংক নেটওয়ার্ক সার্ভিস উদ্বোধন বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অন্যান্য কাজে কম্পিউটার সায়েন্স বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগের শিক্ষকরা গবেষণায় শীর্ষে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ে সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশটা কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বিভাগে অনেক ভালো গবেষক রয়েছে। এ ল্যাবের স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বাড়বে। সামনের দিকে আরও যেসব প্রয়োজনীয়তা রয়েছে, প্রধান্যের ভিত্তিতে সব সমাধান করা হবে। তিনি ল্যাবের সঠিক ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ আউটপুট যাতে আসে সেই প্রত্যাশা রাখেন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।