মিরসরাই প্রতিনিধি: কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নব-নির্বাচিত সদস্য সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এবিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী নিউজনাউকে বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়ীক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বেলা ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনকে বহন করা কারটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। আমরা বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি।
বারইয়ারহাট পৌরসদরের কর্তব্যরত চিকিৎসক বলেন, মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন জানান, বিকেলে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বিকল্প গাড়িতে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।












