পার্বত্য মন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহারে প্রার্থনা ও সংঘদান

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রয়ারি) সকালে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বুদ্ধ শাসনের রীতি অনুযায়ী বুদ্ধমূর্তি দান, সদ্ধর্মের প্রতীক কল্পতরু দান, চীবর দান এবং হাজার বাতি প্রজ্বলন করা হয়। এছাড়া ভান্তুেদের উদ্দেশ্যে ধর্মীয় সরঞ্জাম ও পানীয় দানসহ বিশেষ সংঘদান সম্পন্ন করা হয়। উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় মন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবনের জন্য পরম করুণাময়ের কাছে সমবেত প্রার্থনা করেন।

সংঘদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি সাজাই মং মারমা, সাধারণ সম্পাদক উথোয়াইমং মারমা, সিনিয়র যুগ্ন সম্পাদক হ্লাসুইমং মারমা, দপ্তর সম্পাদক মংপাচিং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুমং মারমা, যোগাযোগ বিষয়ক সম্পাদক ক্যথুইমং মারমা, কাউখালি উপজেলার সাধারন সম্পাদক উসাচিং মারমা, কাপ্তাই উপজেলার সভাপতি সাথোয়াই অং মারমা, সাধারণ সম্পাদক থুইসাচিং মারমা, রাঙামাটি জেলা শাখা মহিলা ঐক্য পরিষদ সভাপতি মিসেস নুংমেসিং মারমা প্রমুখ।

সংঘদান শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অ্যাডভোকেট দীপেন দেওয়ান নিরলস ভাবে কাজ করে যাবেন। তার সু-যোগ্য নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তা আরও বেগবান করতে সংগঠনের পক্ষ থেকে এই কল্যাণ কামনার আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে কাপ্তাই ও কাউখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও দায়ক-দায়িকাবৃন্দ অংশগ্রহণ করেন।