ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও কারচুপির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাবে প্রশাসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের ৮ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সারা দেশের মতো উত্তরের দুর্গম ও চরাঞ্চলগুলোতেও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে উত্তরাঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, নির্বাচনকালীন সময়ে উত্তরাঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান উপদেষ্টা।

এদিকে রাজধানীর একটি মাল্টিমিডিয়া হাউজ থেকে গতরাতে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে সেনাবাহিনী তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় স্বাধীন সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়েছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার নজরে আসেনি।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র‍্যাবের মহাপরিচালক শহিদুর রহমান, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক এনামুল আহসানসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।