টেকনাফে বাসচাপায় নিহত ২, আহত ৮

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টেকনাফের হ্নীলা লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবসার। তিনি জানান, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো ৮ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে থানা ও স্থানীয় পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।