কাপ্তাইয়ে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণে কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ তৌফিক ইমাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে। একইদিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার ২টি করে ভোট প্রয়োগ করবেন। অন্য বারের চেয়ে এবছর ভোট হবে উৎসবমুখর। কাপ্তাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন সণায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোসাদ্দেক মেহদী ইমাম।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন ও সাংবাদিক মাহফুজ আলম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি, কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও কর্মী সহ সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।