জেনারেল হাসপাতালে করোনায় এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী নামে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারী ও এক পুরুষের মৃত্যু হলো চট্টগ্রামের এই হাসপাতালে।

বুধবার (১৩ মে) সকাল ৮ টার দিকে হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আশরাফ আলীর মৃত্যু হয়। তিনি পাচঁলাইশ থানার কাতালঞ্জ এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তিনি গত ৯ মে থেকে আইসিইউতে ভর্তি ছিলেন।

‘এর আগে বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। করোনা পজেটিভ হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’

এর আগে মঙ্গলবার দুই ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হাটহাজারী ও ইপিজেড এলাকার বাসিন্দা দুই নারী মৃত্যুবরণ করেন।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।