মিরসরাইয়ে বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক বাস যাত্রী। নিহতের নাম মো. সালাউদ্দিন (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজলোর ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ এলাকার আবিদ উল্যার পুত্র। এই ঘটনায় বাসে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাঁধন পরিবহনের বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে নোয়াখালী থেকে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিলো। এসময় বড়তাকিয়া এলাকায় বাসের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন নিহত হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।