টানা বর্ষণে পটিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কয়েকটি এলাকার মূল সড়ক প্লাবিত হয়ে চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এসব এলাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগের খবর জানতে না পেরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আজ শনিবার (১৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাটিখাইন, ছনহরা, আশিয়া, কাশিয়াইশ, জিরি, বড়লিয়া, কুসুমপুরা, শোভনদন্ডী, কচুয়াই ইউনিয়নের সড়কসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাটিখাইন ইউনিয়নের কড়ল এলাকার মূল সড়ক প্লাবিত হয়ে চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসন থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি জরুরি সেবাকেন্দ্র খোলা হয়নি।

এদিকে গত ৫ আগষ্ট থেকে পটিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীপন্থী জনপ্রতিনিধিরা আত্নগোপনে রয়েছেন। ফলে সৃষ্ট বন্যায় স্থানীয়রা তাদের পাশে পাচ্ছে না। অসহায় হয়ে পড়ছেন পানিবন্দি হাজারো মানুষ।

ভাটিখাইন ইউনিয়নের কড়ল এলাকায় বাসিন্দা কাউসার খান বলেন, গত দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাটিখাইন এলাকায় সৃষ্ট বন্যায় জনদুর্ভোগ তৈরি হয়েছে।
যে যার মতো পাহাড়ি স্রোত থেকে তাদের জান মাল বাঁচতে কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনীকে মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে তা আমাকে কেউ অবগত করেননি। আপনার কাছ থেকেই মাত্র শুনলাম। আমি এখন চট্টগ্রাম শহর থেকে ফিরছি। এসে বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।