বিএনপি যেন আওয়ামী লীগের মতো চাঁদাবাজি ও লুটতরাজ না করে, সেদিকে হাইকমান্ডকে নজর দিতে হবে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, ‘ভারতের প্রতি কৃতজ্ঞতা, কিন্তু প্রভু হওয়ার চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, অধীনস্থ করবেন না।’
শেখ হাসিনা দেশকে ভারতের গোলাম বানিয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক যারা বলে তারা ভারতে গিয়ে তা পালন করলেই হয়, দেশকে কেন কলঙ্কিত করবে তারা।
তিনি বলেন, সবচেয়ে বড় ঘাতক শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে আহ্বান হাসিনাকে ফেরত দিন।
পুলিশ বাহিনীর সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, সবচেয়ে নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের যেসব সদস্য নিহত হয়েছেন, তারা শেখ হাসিনার কারণে নিহত হয়েছেন।
আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সমস্য বলেন, ‘তারেক রহমানকে ফোনে বলেছি, বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায়। ক্ষমতায় যাই বা না যাই, আর কখনও যেন চাঁদাবাজি, লুটতরাজ বিএনপি না করে আওয়ামী লীগের মতো। সেদিকে হাইকমান্ডকে নজর দিতে হবে।’












