প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টার-এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
০৯ জুন (মঙ্গলবার), সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান ও কাউন্সেলর ফাইজা চৌধুরী উপস্থিত ছিলেন| ইউনিভার্সিটি অব লেস্টার-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অনুষদের ডিন অব ইন্টারন্যাশনালাইজেশন ড. আবদুল জব্বার ও কোলাবরেটর জনাব নাভিদ এজাজ, ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্ট-এর ডিরেক্টর জনাব ইমরান খান, এডভয়-এর কান্ট্রি হেড (বাংলাদেশ) জনাব আসাদুজ্জামান রণি ও হেড অব স্টুডেন্ট রিক্রুটমেন্ট বাংলাদেশ জনাব শোভন কর্মকার|

মতবিনিময় সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লেস্টার-এর মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়| বিশেষভাবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লেস্টার-এ মাস্টার্স ডিগ্রি অর্জন এবং শিক্ষকদের জন্য পিএইচডির সুযোগ বিষয়ে আলোকপাত করা হয়|
সভায় আরও জানানো হয় যে, ইউনিভার্সিটি অব লেস্টার-এর বিভিন্ন স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবি শিক্ষার্থীরা শুধু ইউনিভার্সিটি অব লেস্টারেই নয়, বরং ইউরোপের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করতে পারবেন| এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়|
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব লেস্টার বিশ্বের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এবং সাম্প্রতিক বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান করছে|












