পদ্মায় ধরা পড়ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম ওজনের বাঘাআইড় মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার পদ্মা নদী‌তে জে‌লের জা‌লে ধরা প‌ড়া এক‌টি বাঘাআইড় মাছ ৬৬ হাজার ২৩০ টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে। মাছ‌টির ওজন ছি‌ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

জে‌লে খলিল হালদার ব‌লেন, ভোরে তি‌নিসহ তার দল পদ্মায় মাছ শিকা‌রে যান। নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে জাল ফে‌লেও মা‌ছের দেখা পাননি। প‌রে কলাবাগান এলাকায় জাল ফেল‌লে সেখা‌নে জা‌লে আটকা প‌ড়ে বিশাল আকৃ‌তির বাঘাআইড় মাছ।

জে‌লে খলিল হালদার আরও ব‌লেন, সকা‌লে মাছ‌টি দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানে ওজন করলে মাছটির ওজন হয় ৩৫ কেজি ৮০০ গ্রাম। সেসময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ব‌লেন, মাছ‌টি কেনার পর ফে‌রিঘা‌টের পন্টু‌নের সঙ্গে বেঁধে রাখা হয়। প‌রে মোবাইল ফোনে দে‌শের বি‌ভিন্ন জায়গায় যোগা‌যোগ ক‌রে এক কাতার প্রবাসীর কা‌ছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করা হয়।

রাজবাড়ী বন বিভা‌গের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সানজিদা সুলতানা ব‌লেন, প্রকা‌শ্যে বাঘাআইড় বি‌ক্রির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পে‌লে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।