মেরিটাইম খাতে দক্ষ জনশক্তিই বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

ফাতিমা ফালগুনী, প্রিয় চট্টগ্রাম : নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এ ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, “আপনারা শুধু ব্যক্তি নন, জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, সমুদ্রপথে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাই জাহাজ ব্যবস্থাপনা বা নৌ চলাচল—যেখানেই দায়িত্ব পালন করা হোক না কেন, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কেবল সনদনির্ভর শিক্ষা অনেক সময় বেকারত্ব বাড়ায়, কিন্তু দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তিনি জানান, ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি দীর্ঘসময় রোদে থাকার ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহারের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।