শফিউল আলম, রাউজান: রাউজানে অলিমিয়া হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মুজিব হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারী (বুধবার) ইফতারের পর রাউজানের পুর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় যুবদল নেতা মুজিবকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

পূর্ব বিরোধের জের ধরে যুবদল নেতা মোহাম্মদ মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত যুবদল নেতা মুজিবের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে রাউজান থানায় মামলা নং-০৯, তারিখ ২৬/০২/২০২৬ খ্রি., ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।ঘটনার পরপরই পুলিশ সুপার, চট্টগ্রাম এর নিদের্শে জেলা গোয়েন্দা পুলিশ ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের শনাক্তকরণের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম গ্রহণ করেন পুলিশ।তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ টার সময়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ মাজার গেট এলাকা হতে মামলার ১নং আসামি নাঈম (২৭) কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মুজিব হত্যাকান্ডের মামলার প্রধান আসামী নাঈম কে পুলিশ গ্রেফতার করেছে। হত্যকান্ডের সাথে জড়িত অনান্য আসামীদের গ্রেফতার ও হত্যকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্বারে পুলিশের অভিযান চলছে ।












