চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার সংলগ্ন একটি নিচু জমি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের নিচের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে স্বজনরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহত চৌধুরী মিয়া ওই এলাকারই বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পা বাঁধা অবস্থায় পাওয়ায় একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘী এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।












