মহান ভাষা শহীদ দিবসে আজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নগরীর নিউ মার্কেট থেকে সকাল ১০টায় মিছিল সহকারে এই আয়োজনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চসহ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহবায়ক জোবায়ের বীণা, রেশমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক আবু তালেব মানিক, লিজা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে আল কাদেরী জয় বলেন, ” মহান ভাষা আন্দোলন পাকিস্তানের ধর্মভিত্তিক জাতীয়তাবাদ থেকে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জন্ম দেয়েছিলো, যার ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জাতি স্বাধীন হয়। এই লড়াই ছিলো বাঙালি আদিবাসীসহ সকল নিপীড়িত জনগণের, কিন্তু একে কুক্ষিগত করে শাসকগোষ্ঠী বিগত ৫৫ বছর ধরে শোষণ,লুটপাট, বৈষম্য ও নিপীড়ন চালিয়েছে। জনগণকে করেছে বিভক্ত এবং তাদেরই আশ্রয়-প্রশ্রয়ে স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী শক্তিশালী হয়েছে। পাকিস্তানি ২২ পরিবারের স্বৈরতান্ত্রিক বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে এদেশের মানুষের মধ্যে ধর্মনিরপেক্ষতা,জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্রের চেতনা গড়ে উঠেছে। তাই একে মুছে ফেলা মানেই দেশের অতীত ইতিহাস ও জনগণের সংগ্রামকে অস্বীকার করা।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীদিনে মহান একুশে ফেব্রুয়ারি ও মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই পরিচানা করতে হবে।












