৪৫৯ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করলেন চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন ক্যাটাগরির ১৯ পদের ৪৫৯ জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। এ নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট ১৪৫০ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হলো।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে চসিক মেয়র এ তথ্য জানান। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারির সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, অস্থায়ী কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে।

প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধিবিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ী করা হবে। এতে কর্মপরিবেশ আরো স্থিতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।
চসিক সূত্রে জানা যায়, যেসব অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার জন্য জনবল কাঠামোয় পদ রয়েছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে। সেসব পদে পর্যায়ক্রমে স্থায়ীকরণ করা হচ্ছে।

এর বাইরে যারা অস্থায়ী আছেন, তাদের স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মরত অস্থায়ী কর্মচারীদেরও স্থায়ী করা হবে।
সোমবার স্থায়ী করা ৪৫৯ জন কর্মচারী বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত ছিলেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। মোট ১৯ পদের বিপরীতে ৪৫৯ জনকে স্থায়ী করা হয়েছে।