শফিউল আলম, রাউজান: দীর্ঘ জল্পনা–কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম-এর নিকট পৃথক দুটি প্রতিনিধি দলের মাধ্যমে জমা দেওয়া হয়।
রাউজানে প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মান্নান মনি, বিএনপি নেতা আবু হানিফ চম্পা, হেলাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর, দিদারুল ইসলাম ও আহমেদ সুকান।
এর আগে চট্টগ্রাম নগরীতে প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ মেম্বারসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে নেতাকর্মীরা সন্তুষ্ট এবং এখন সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নামতে প্রস্তুত।












