কাপ্তাইয়ে পোস্টাল ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ বিষয়ক কর্মশালা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ভোট বিডি অ্যাপ (postal vote bd app) এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোট প্রদান প্রক্রিয়া প্রদর্শন, অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে।

কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য রেজিস্ট্রেশন বিষয়ে একটি ভিডিও চিত্র তুলে ধরেন।

এসময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তার দপ্তরের অন্যান্য কর্মচারীদেরও একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গনভোট ২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ (postal vote bd app) এর মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ ডিসেম্বর। এসময়ের মধ্যে তিনি সবাইকে নিজে উদ্যোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানিয়ে বলেন, রেজিস্ট্রেশনের সময় ব্যালট পাঠানোর ঠিকানা যেন সঠিক ভাবে উল্লেখ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।